
আমবাসা (ত্রিপুরা), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ১১ থেকে ১৩ এপ্রিল ধলাই জেলার গণ্ডাতুইসা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক বৈসু উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে সামনে রেখে সোমবার ধলাই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা ও নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, জেলাশাসক বিবেক এইচ বি সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
সভায় জানানো হয়, বৈসু উৎসব উপলক্ষ্যে উৎসব প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগে প্রদর্শনী স্টল খোলা হবে। পাশাপাশি উৎসবকে সফল করতে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও জাঁকজমকপূর্ণভাবে বৈসু উৎসব আয়োজন করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ