
মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারের (৮৫) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। সোমবার দুপুরে হঠাৎ বুকে অস্বস্তি বোধ করায় তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শরদ পাওয়ারের গলায় সমস্যা এবং কাশির উপসর্গও রয়েছে বলে জানা গিয়েছে।
শরদ পাওয়ারের ভাইপো শ্রীনিবাস পাওয়ার জানিয়েছেন যে, গত রাত থেকেই তাঁর কাকা অনবরত কাশছিলেন এবং বুকে এক ধরণের চাপ অনুভব করছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত পুণের রুবি হল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রুবি হল হাসপাতালের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পারভেজ গ্রান্ট জানিয়েছেন, চিকিৎসকদের একটি বিশেষ দল শরদ পাওয়ারকে পরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শরদ পাওয়ার এর আগে নব্বইয়ের দশকের শেষের দিকে ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই মারণ রোগের চিকিৎসার জন্য আমেরিকা ও ভারতে তাঁর একাধিক অস্ত্রোপচার করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি