
খোয়াই (ত্রিপুরা), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলার বাচাইবাড়ি এলাকার হাচুকনি খরাং কমিউনিটি হলে সোমবার আগর চাষের এলাকা সম্প্রসারণকে কেন্দ্র করে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
জেলার ছয়টি ব্লক থেকে মোট ৪৩০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় আগর চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, রোগনিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আগর চাষের জন্য বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কেও চাষিদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে আগর কাঠ ও আগরজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একটি আগর গাছ থেকে ১৪–১৫ বছর পর ন্যূনতম প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব। তাই তিনি চাষিদের উদ্দেশ্যে পরামর্শ দেন, গাছ পরিপক্ক হওয়ার আগে যেন কেউ আগর বিক্রি না করেন। নির্দিষ্ট সময়ের আগে বিক্রি করলে প্রকৃত লাভ থেকে বঞ্চিত হতে হবে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি আগর গাছের সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
কর্মশালায় বক্তব্য রাখেন বন দফতরের প্রধান সচিব আর. কে. শ্যামল, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ এবং জেলা বন আধিকারিক অশোক কুমার। উপস্থিত ছিলেন তুলাশিখর বিএসি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা, এডিসি-র খোয়াই জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা, বাচাইবাড়ি সাব-জোনাল চেয়ারম্যান তাপস দেববর্মা ও ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ