
যোধপুর, ১০ মার্চ (হি.স.): রাজস্থানের যোধপুর, বারমের, জয়সলমীর ও পালি-সহ একাধিক জেলায় অবস্থিত পাসপোর্ট অফিসে বোমা হামলার হুমকি ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায়। একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো ই-মেলে আইএসআই-এর নাম ব্যবহার করে হুমকি দেওয়া হয়, দুপুর ১টায় গ্যাস বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এই হুমকির পর সংশ্লিষ্ট অফিস ও ভবনগুলি খালি করে দেওয়া হয়।
যোধপুরের পাল রোডের পাসপোর্ট অফিসে সহকারী পাসপোর্ট আধিকারিক বিনয় সাক্সেনার কাছে হুমকির মেল পৌঁছতেই খবর পেয়ে শাস্ত্রী নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ভবন তল্লাশি করে। প্রায় এক ঘণ্টার তল্লাশির পর সেখানে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এছাড়াও বারমের, জয়সলমীর, পালি, জয়পুর, নাগৌর, সিকার, বাঁশওয়ারা, প্রতাপগড়, সওয়াই মাধোপুর, আজমির, কোটা, ভিলওয়ারা, চিতোরগড়, শ্রীগঙ্গানগর এবং ঝালাওয়ার-সহ রাজ্যের পনেরোর বেশি জেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি চালায়। নিরাপত্তার স্বার্থে বোমা নিষ্ক্রিয়কারী দল, সিভিল ডিফেন্স এবং ডগ স্কোয়াডকেও মোতায়েন করা হয়।
জয়সলমীরে হুমকির পর পাসপোর্ট অফিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং কর্মী ও আবেদনকারীদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরও খালি করে দেওয়া হয়। তবে সব জায়গায় তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য