আলু ও সবজি চাষে লাভের আশা, উত্তর মহেশপুরে দুই কৃষকের সাফল্য
বক্সনগর (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আলু চাষে হাত দিয়ে প্রত্যাশার চেয়েও ভাল ফলন পেয়েছেন সিপাহীজলা জেলার বক্সনগর এলাকার উত্তর মহেশপুর গ্রামের দুই কৃষক চন্দন মজুমদার ও খোকন মজুমদার। একই পরিবারের বড় ও ছোট দুই ভাই নিজ
বক্সনগরে আলু চাষে সাফল্য


বক্সনগর (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আলু চাষে হাত দিয়ে প্রত্যাশার চেয়েও ভাল ফলন পেয়েছেন সিপাহীজলা জেলার বক্সনগর এলাকার উত্তর মহেশপুর গ্রামের দুই কৃষক চন্দন মজুমদার ও খোকন মজুমদার। একই পরিবারের বড় ও ছোট দুই ভাই নিজেদের বাড়ির পাশের জমিতে আলুসহ বিভিন্ন সবজির চাষ করে এ বছর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

জানা গেছে, প্রায় ১০–১২ বছর আগে বন্ধুবান্ধবদের সঙ্গে আলু চাষ করেছিলেন চন্দন মজুমদার। সে সময় ফলন ভাল হলেও পরে দীর্ঘদিন আর আলু চাষে মন দেননি। তবে চলতি বোরো মৌসুমে আবার নতুন করে উদ্যোগ নেন দুই ভাই। বাড়ির পাশের প্রায় ১০ গণ্ডা জমিতে আলুর পাশাপাশি মূলা, কুমড়া, মরিচসহ বিভিন্ন সবজির চাষ শুরু করেন তাঁরা।

কৃষকদের দাবি, পরিশ্রম ও সঠিক পরিচর্যার ফলেই এ বছর আলুর ফলন আশানুরূপ হয়েছে। বর্তমানে প্রতিদিন মাঠ থেকে বস্তায় বস্তায় আলু তুলে বাড়ির উঠোনে জমা করছেন পরিবারের সদস্যরা। শুধু আলু নয়, অন্যান্য সবজির ফলনও বেশ ভাল হয়েছে বলে জানান তাঁরা।

এদিকে চলতি বোরো মৌসুমে দুই ভাই দেড় কানি করে বোরো ধানের চাষও করেছেন। তবে সবজির চাহিদা ও লাভজনক দিক বিবেচনা করে ভবিষ্যতে ধানের চাষ কিছুটা কমিয়ে আলু ও অন্যান্য সবজির চাষ বাড়ানোর পরিকল্পনা করছেন তাঁরা।

কৃষক চন্দন মজুমদার বলেন, “বহু বছর আগে আলু চাষ করে ভাল ফলন পেয়েছিলাম। মাঝখানে প্রায় ১০–১২ বছর আর চাষ করিনি। এবার আবার চেষ্টা করে দেখলাম, ফলন খুবই ভাল হয়েছে। তাই আগামী দিনে ধানের পাশাপাশি আলু চাষ আরও বাড়ানোর ইচ্ছে রয়েছে।”

দুই ভাইয়ের এই সাফল্য দেখে এলাকার অন্যান্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন। অনেকেই আগামী মৌসুমে ধানের বদলে আলু চাষে আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে। উত্তর মহেশপুরের এই দুই কৃষকের সাফল্য এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande