ধর্মনগরে মাশরুম চাষীর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি
ধর্মনগর (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার হুরুয়া শিবনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে এক মাশরুম চাষীর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষী
মাশরুম খামারে আগুন


ধর্মনগর (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার হুরুয়া শিবনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে এক মাশরুম চাষীর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষীর।

জানা গেছে, এলাকার বাসিন্দা বিশিষ্ট মাশরুম চাষী বাসুদেব ঘোষ আধুনিক পদ্ধতিতে নিজের বাড়িতেই মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করেন। সারা বছর উৎপাদনের জন্য তিনি মোট ছয়টি ঘরে মাশরুম চাষ করতেন এবং এর জন্য ৩২ গাড়ি খড় মজুত করে রেখেছিলেন।

মঙ্গলবার ভোরে আচমকা আগুন লাগে। প্রথমে আগুন দেখেন বাসুদেব ঘোষের মা। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান মাশরুম চাষের ঘরগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, বাসুদেবের থাকার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে ছেলেকে ডেকে তোলেন এবং ধর্মনগর দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়ে ধর্মনগর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মাশরুম চাষের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি মজুত করে রাখা ৩২ গাড়ি খড়ও আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত চাষী বাসুদেব ঘোষ জানান, এই অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে, কারণ তাঁর থাকার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande