শ্ৰীভূমি জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত আশা সম্মেলন
শ্রীভূমি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির জেলা স্বাস্থ্য সমিতি ও জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মঙ্গলবার শ্রীভূমি জেলা গ্রন্থাগারে আশা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে কর্মরত আশা কর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মেলনের আয়
শ্ৰীভূমি জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত আশা সম্মেলন


শ্রীভূমি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির জেলা স্বাস্থ্য সমিতি ও জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মঙ্গলবার শ্রীভূমি জেলা গ্রন্থাগারে আশা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে কর্মরত আশা কর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশনরঞ্জন দাস, সমাজকর্মী ও বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, স্বাস্থ্য বিভাগের যুগ্মঅধিকর্তা ডা. মতীন্দ্র সূত্রধর, অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. জাকির হোসেন, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায় কুরি, নিলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপবিভাগীয় চিকিৎসা আধিকারিক মনোজ কাথার, জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে ডা. মতীন্দ্র সূত্রধর মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আশা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আশা কর্মীরা সময়মতো গর্ভবতী নিবন্ধন, জন্ম পরিকল্পনা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্তকরণ, টিকাকরণ কার্যক্রম এবং নবজাতক ও ছোট শিশুদের জন্য ঘরে ঘরে স্বাস্থ্যসেবা প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী আশা কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, আশা কর্মীরা তৃণমূল স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিশেষ সহায়তা প্রদান করছেন।

মিশনরঞ্জন দাস তাঁর বক্তব্যে আশা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, তাঁদের অবদান জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লকের সেরা কর্মদক্ষ আশা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। এতে কাচুয়াদাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম রুলি বেগম, দ্বিতীয় জোনা দাস ও তৃতীয় আলেকজান বেগম। পাশাপাশি পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম খাজুর বিবি, দ্বিতীয় ঝুমকি দাস ও তৃতীয় সাহেরা বেগম। গিরিশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম রাহেলা বেগম, দ্বিতীয় শিখা ধর ও তৃতীয় নজমা বেগম।

অনুরূপভাবে নিলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম দীপিকা রায়, দ্বিতীয় সায়না বেগম ও তৃতীয় তাপসী চক্রবর্তী। এদিকে রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম আফিয়া বেগম, দ্বিতীয় ননি দেবনাথ ও তৃতীয় সাবিরা বেগম। করিমগঞ্জ শহরাঞ্চলে প্রথম শিল্পী পাল, দ্বিতীয় আরতি বৈদ্য ও তৃতীয় সুমি দাস সাহা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মী ও আশা তত্ত্বাবধায়িকাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় প্রায় ১,২০০ জন আশা কর্মী তৃণমূল স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা গণমাধ্যম বিশেষজ্ঞ সুমন চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande