
শ্রীভূমি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পাথারকান্দি থানার ব্যবস্থাপনায় ও সামাজিক সংস্থা জিপিএফ-এর সহযোগিতায় আজ মঙ্গলবার আসিমগঞ্জ তেমাথায় সড়ক নিরাপত্তা শীর্ষক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সচেতন নাগরিক সহ বিভিন্ন যানবাহন চালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত ছিলেন পাথারকান্দি সমজেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা, পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর মানসজ্যোতি বড়ো, জিপিএফ-এর সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক, মাদানি বাংলা অ্যাকাডেমির অধ্যনক্ষ সামস উদ্দিন, মোহাম্মদ আলি, কানাইবাজার জিপির এপি মেম্বার আব্দুল বাসির, ইকবাল বাহার খন্দকার, কাজি আব্দুল বাসিত, সমাজসেবী মামুন উদ্দিন প্রমুখ বহুজন।
সভায় প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন বক্তারা নিজ নিজ বক্তব্যে যাত্রী থেকে শুরু করে পথিক ও যানবাহন চালকদের ট্রাফিক বিধি মেনে চলাচলের পরামর্শ দেন। বক্তারা বলেন, ট্রাফিক বিধি মেনে চলাচল ও যানবাহন পরিচালনা করলে বহুলাংশে দুর্ঘটনা রোধ করা সম্ভব। সকলের সমবেত প্রয়াস ছাড়া সড়ক নিরাপত্তার সুফল পাওয়া সম্ভবপর নয়।
স্থানীয়দের পক্ষে আসিমগঞ্জ তেমাথায় স্থায়ীভাবে একজন ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানানো হয়। দাবির ভিত্তিতে স্থানীয় পুলিশের অনুরোধে এদিন তাৎক্ষণিকভাবে আসিমগঞ্জের জন্য একজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দেন শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে। এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস