
প্যারিস, ১০ মার্চ (হি.স.): ইরানের হামলার মুখে পড়া দেশগুলোর নিরাপত্তায় সহযোগিতা করবে ফ্রান্স। এই প্রেক্ষিতে পূর্ব ভূমধ্যসাগর ও লোহিত সাগর অঞ্চলে নৌবহর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
ম্যাক্রোঁ আরও জানান, ফ্রান্স আটটি ফ্রিগেট, দুটি অ্যামফিবিয়াস হেলিকপ্টার ক্যারিয়ার এবং দেশের প্রধান বিমানবাহী রণতরী চার্লস ডি গল বিমান ক্যারিয়ার মোতায়েন করবে। তাঁর কথায়, এই পদক্ষেপ সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এর লক্ষ্য এইসব অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার মুখে পড়া দেশগুলোর পাশে ফ্রান্স থাকবে। পাশাপাশি অঞ্চলে উত্তেজনা কমানো এবং বন্ধু দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই ফ্রান্সের লক্ষ্য।
তিনি আরও জানান, আন্তর্জাতিক সামুদ্রিক পথের নিরাপত্তা বজায় রাখতে ফ্রান্স সক্রিয় ভূমিকা নেবে। প্রয়োজনে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পদক্ষেপও নেওয়া হতে পারে। তবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ স্পষ্ট করেছেন, ফ্রান্স সরাসরি কোনও চলমান যুদ্ধে জড়িত নয়। মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে অঞ্চলে ভারসাম্য ও শান্তি বজায় রাখাই তাদের উদ্দেশ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য