
নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (১১ মার্চ) তামিলনাড়ু সফর করবেন। এদিন বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, লুব্রিক্যান্ট উৎপাদন, গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও রেল পরিষেবার সঙ্গে এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট।
প্রধানমন্ত্রী নীলগিরি ও এরোড জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শহরাঞ্চলে গ্যাস পরিষেবার একটি নেটওয়ার্কের শিলান্যাস করবেন। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৬৮০ কোটি টাকা। এর ফলে, ৮ লক্ষ ৮০ হাজার বাড়িতে এবং ২০০টি বাণিজ্যিক সংস্থায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে সুবিধা হবে। পাশাপাশি, ২০১টি সিএনজি কেন্দ্র গড়ে তোলা যাবে।
প্রধানমন্ত্রী মোদী চেন্নাইয়ের মানালিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের লুব ব্লেন্ডিং প্ল্যান্টটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এখান থেকে প্রতি বছর ৬ লক্ষ ৭২ হাজার মেট্রিক টন লুব্রিক্যান্ট উৎপন্ন হবে। এই প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ১,৪৯০ কোটি টাকা। এই প্রকল্প ভারতে লুব্রিক্যান্ট উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তামিলনাড়ুতে ৮৯টি সড়ক প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী মোদী। পুরো প্রকল্পটির দৈর্ঘ্য ৩৭০ কিলোমিটার। এর ফলে গ্রামাঞ্চলে বাজার, স্কুল এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। প্রধানমন্ত্রী ৮১ নং জাতীয় সড়কের চোলাপুরমে গঙ্গাইকোন্ডার কাছে গ্রিনফিল্ড বাইপাসের শিলান্যাসও করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর সঙ্গে তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, দুটি এক্সপ্রেস ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর ফলে, সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতির উন্নয়ন হবে ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ