শুক্রবার দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী, করবেন বহু হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
- ১৫ মার্চ আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : আগামীকাল শুক্রবার দুদিনের (১৩ এবং ১৪ মার্চ) সফরসূচি নিয়ে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে এসে রাজ্যের বিভিন্ন জেলায় বহু হাজার কোটি টাকার একাধিক
প্রধানমন্ত্রী মোদী (ফাইল ফটো)


- ১৫ মার্চ আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : আগামীকাল শুক্রবার দুদিনের (১৩ এবং ১৪ মার্চ) সফরসূচি নিয়ে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে এসে রাজ্যের বিভিন্ন জেলায় বহু হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং শিলান্যাসের পাশাপাশি চা-বাগান শ্রমিকদের ভূমিপাট্টা বিতরণ করবেন প্ৰধানমন্ত্ৰী।

সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী তাঁর সফর শুরু করবেন কোকরাঝাড় থেকে। কোকরাঝাড়ে তিনি বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন প্রধানমন্ত্রী একটি রেলওয়ে কোচ মেরামত কারখানা এবং ছয়টি সেতুর শিলান্যাসের পাশাপাশি ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’ (বিটিআর)-এ তিনটি নতুন রেল পরিষেবা চালু করবেন। এ উপলক্ষ্যে কোকরাঝাড়ে এক জনসভায়ও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এদিন গুয়াহাটিতে বিকাল পাঁচটায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ‘প্ৰধানমন্ত্ৰী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের ২২ তম কিস্তির অধীনে ৯ কোটি ৩২ লক্ষাধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৬৪০ কোটি টাকা স্থানান্তর করবেন। এছাড়া ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কপিলি হাইড্রো পাওয়ার প্রজেক্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদীর এই সফরের প্রধান আকর্ষণ চা-বাগান সম্প্রদায়ের মানুষের মধ্যে ভূমির পাট্টা বিতরণ। প্রায় ২০০ বছর ধরে অসমে বসবাস করলেও এই সম্প্রদায়ের অনেক পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা পায়নি। প্রধানমন্ত্রী একজন যোগ্য চা-বাগান শ্রমিকের হাতে প্রথম ভূমির অধিকারপত্র প্রদান করবেন। এর মাধ্যমে চা-বাগান পরিবারগুলিকে ভূমির মালিকানা দেওয়ার জন্য রাজ্যজুড়ে এক কর্মসূচির সূচনা হবে।

১৪ মার্চ শনিবার শিলচর সফরে যাবেন প্রধানমন্ত্রী। শিলচরে তিনি প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত শিলচর-শিলং-গুয়াহাটি এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্ৰকল্প উত্তরপূর্ব ভারতে এ ধরনের প্রথম এক্সপ্রেসওয়ে। ১৬৬ কিলোমিটার দীর্ঘ এই করিডর চালু হলে শিলচর থেকে গুয়াহাটি যাতায়াতের সময় বর্তমানের প্রায় ৮ ঘণ্টা থেকে কমে মাত্র ৪.৫ ঘণ্টায় নেমে আসবে।

এছাড়া শিলচর শহরে ৫৬৩ কোটি টাকার একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে ১২২ কোটি টাকার একটি কৃষি কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বদরপুর হয়ে চুড়াইবাড়ি পর্যন্ত শিলচরের সঙ্গে সংযোগকারী ৬৫৫ কোটি টাকার একটি বৈদ্যুতিক রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

শিলচরে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। শিলচরের কর্মসূচি শেষে দুদিনের অসম সফর সমাপ্ত করে প্রধানমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এদিকে আগামী ১৫ মার্চ রবিবার অসম সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গুয়াহাটিতে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়া প্রদেশ বিজেপির উদ্যোগে খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত ‘যুব সংকল্প সমাবেশ’-এ ভাষণ দেবেন অমিত। ওই অনুষ্ঠানে প্রায় এক লক্ষ যুব কর্মী অংশগ্রহণ করতে পারেন বলে আশাবাদী দল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande