
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুকুর আলী (৩০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী মহিলার উপর কুনজর রাখছিল বলে অভিযোগ। অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরে ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিন সন্তানের জননী ওই মহিলা তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে।
মহিলা চিৎকার করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত হন ওই মহিলা। পরে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ওই মহিলা চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্ত শুকুর আলীকে আটক করে।
এলাকাবাসীদের দাবি, এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছিল। ফলে তার অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ