
ট্রাফিক নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ায় সংযমের আহ্বান
হাইলাকান্দি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষ্যে জেলাজুড়ে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে হাইলাকান্দি জেলার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ অমিতাভ সিনহা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভা দেবী, অ্যাডিশ্যনাল পুলিশ সুপার, লালা, কাটলিছড়া এবং হাইলাকান্দি রাজস্ব চক্রের সার্কল অফিসার সহ জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভা দেবী। বৈঠকে গত বছরের ঈদ উপলক্ষ্যে গৃহীত সিদ্ধান্তগুলির পর্যালোচনা করা হয় এবং সেগুলি অনুসরণ করেই এ বছরও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঈদের দিন জেলার বিভিন্ন ঈদগা, বিশেষ করে সিরাজপট্টি ঈদগাহ, কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহ, এএসটিসি স্ট্যান্ড ঈদগাহ, বোয়ালিপার ঈদগাহ এবং নারায়ণপুর ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সেই প্রেক্ষিতে এ সব এলাকার আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদগাহ কমিটিগুলিকেও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করে সাধারণ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সিরাজপট্টির আরপি রোড সংলগ্ন রেলওয়ে ক্রসিং এলাকায় যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি থানায় পৃথকভাবে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সভায় জেলাশাসক অভিষেক জৈন এবং এসএসপি অমিতাভ সিনহা ঈদের দিন ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য পেশ করা হয়েছে। জেলাশাসক অভিষেক জৈন বলেন, উৎসবের আনন্দ যেন কোনও অসতর্কতার কারণে দুর্ঘটনায় পরিণত না হয়। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানো বা ট্রাফিক আইন অমান্য করার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করতে পারে।
অন্যদিকে জেলার সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা ট্রাফিক আইনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাইক আরোহীদের হেলমেট পরিধান করা, ট্রাফিক আইন মেনে চলার ওপর সচেতন করে তুলতে বিভিন্ন ইদগাহ কমিটিকে আহ্বান জানান। তাছাড়া ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংযম বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে জেলার বিভিন্ন সার্কলে থানা স্তরে সচেতনতামূলক বৈঠক আয়োজন করা হবে। সেখানে স্থানীয় ঈদগাহ কমিটি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সচেতনতা গড়ে তোলা হবে।
জেলাশাসক অভিষেক জৈন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীর প্রতি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সবাই যেন আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করার আহবান জানান।
সভায় হাফিজ আবুল হোসেন মাঝারভুঁইয়া ঈদের মুখে রান্নার গ্যাস সংকট, ঈদের দিন হাইলাকান্দি জেলা সদরের বিভিন্ন ইদগাহের অ্যাপ্রোচ রোড পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে ন্যাকা চেকিঙের জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জেলাশাসক অভিষেক জৈন জানান, শুক্রবার জেলার বিভিন্ন গ্যাস এজেন্সির সাথে বৈঠক করা হয়েছে। হাইলাকান্দি জেলায় রান্নার গ্যাসের কোনও সংকট নেই। তবে সার্ভার, পোর্টাল ইস্যুজনিত সমস্যা দেখা দেওয়ায় বুকিং, ডেলিভারি নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে পোর্টাল ইস্যু দ্রুত নিস্পত্তি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাছাড়া ঈদগাহ অ্যাপ্রোচ রোড পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন নাকাচেকিং হবে। ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে যুবসমাজের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস