সরিষার বোঝার সঙ্গে বাড়িতে ঢুকল চন্দ্রবোড়া সাপ, বনদফতরের তৎপরতায় উদ্ধার
ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.) : সরিষার বোঝার সঙ্গে অজান্তেই বিষধর চন্দ্রবোড়া সাপ বাড়িতে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের কুন্ডলডিহি গ্রামে। পরে বনদফতরের তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয়। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব
সরিষার বোঝার সঙ্গে বাড়িতে ঢুকল চন্দ্রবোড়া সাপ, বনদফতরের তৎপরতায় উদ্ধার


ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.) : সরিষার বোঝার সঙ্গে অজান্তেই বিষধর চন্দ্রবোড়া সাপ বাড়িতে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের কুন্ডলডিহি গ্রামে। পরে বনদফতরের তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয়। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের কুন্ডলডিহি গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর মাহাত নিজের জমি থেকে পাকা সরিষা কেটে কাপড়ে বেঁধে মাথায় করে রাস্তার ধারে নিয়ে আসেন। পরে সেই সরিষার বোঝা মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে যান। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে সরিষার বোঝার মধ্যেই একটি চন্দ্রবোড়া সাপ লুকিয়ে রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে সরিষার বোঝা খোলার সময় হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে দেখা যায়, সরিষার বোঝার মধ্যেই একটি বিষধর চন্দ্রবোড়া সাপ রয়েছে। এতে পরিবার ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা সন্দীপ মাহাত পুকুরিয়া বিট অফিসে যোগাযোগ করেন। পরে বিট অফিসার সোমনাথ ঘোষের উদ্যোগে বনদফতরের কর্মী তড়িৎ হাঁসদা রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।

বুদ্ধেশ্বর মাহাতের মা চাপা মাহাত বলেন, তাঁর ছেলে যেভাবে সরিষার বোঝার সঙ্গে সাপটিকে মাথায় করে বাড়ি নিয়ে এসেছে, তাতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর বনদফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা তাদের ক্ষতি না করে বনদফতরকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জঙ্গলে আগুন না লাগানোর বিষয়েও সতর্ক করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande