
নন্দকুমার , ১৩ মার্চ (হি.স.) : পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার হাঁসগেড়িয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীবোঝাই একটি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ সোলপট্টা-কলকাতা রুটের একটি বাস সোলপট্টা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের গতিবেগ ছিল অত্যন্ত বেশি। সেই সময় চালক সামনে থাকা অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারেন। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে বাসের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে প্রায় ১৪ জনকে তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের নন্দকুমারের খেজুরবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি