
গুয়াহাটি, ১৩ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির কইনাধরা রাজ্য অতিথিশালা থেকে কোকরাঝাড়ের জন্য ৪,৫৭০ কোটি বেশি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুদিনের সফরসূচি নিয়ে আজ অপরাহ্নে অসমে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে তিনি রাজ্যের বিভিন্ন স্থানে ৪৭,৭০৩ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।
আজ গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করে প্রথমে কোকরাঝাড়ের বডোফানগরে গ্রিনফিল্ড ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখান থেকে সন্ধ্যায় গুয়াহাটিতে আসার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার দরুন কোকরাঝাড় সফরের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে সূচি পরিবর্তন হলেও রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারি, অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও উর্খাওগৌরা ব্রহ্ম প্রমুখদের সঙ্গে নিয়ে কোকরাঝাড়ের জন্য নির্ধারিত ৪,৫৭০ কোটি বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পগুলি গুয়াহাটির কইনাধরা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনি।
উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করতে ভাৰ্চুয়ালি তিনটি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এছাড়া কোকরাঝাড় জেলার অন্তর্গত পর্বতঝোড়া মহকুমার বাঁশবাড়িতে একটি রেলওয়ে কোচ মেরামত কারখানা (পিরিওডিক ওভারহল ওয়ার্কশপ), চারটি উড়ালপুল ও দুটি সেতু এবং সড়ক পরিকাঠামো প্ৰকল্পের শিলান্যাস করেছেন প্ৰধানমন্ত্ৰী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস