
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার রাজভবনে নতুন রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম সাক্ষাতেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'অপমান' করার অভিযোগ তুলে সরব হন।
বিজেপির প্রবীণ নেতা শুভেন্দু অধিকারী জানান, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাক্ষাতের সময় না দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। তৃণমূল সাংসদরা রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবের কারণ দেখিয়ে তাঁদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত শনিবার আন্তর্জাতিক জনজাতি সম্মেলনে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য স্বাগত জানাতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
শুভেন্দু অধিকারী আরও জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করার জন্য তিনি রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। বর্তমান সময়ে রাজ্যের নিরাপত্তাই সবথেকে বড় উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেন।
এদিন বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে সরকারি কর্মচারীদের একাংশের ডাকা কর্মবিরতি ‘১০০ শতাংশ সফল’ হয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী বিধানসভা নির্বাচনের পর বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি