
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): পূর্ব দিল্লি অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে বড়সড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস। অভিযানে ২১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা-সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারি ও সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য মাদক পাচারের কাজে যুক্ত ছিল। তদন্তে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে, ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর খিচরিপুর বাস স্ট্যান্ডের কাছে ফাঁদ পেতে অভিযুক্ত দু'জনকে আটক করা হয়। তাদের নাম আকবর এবং ফিরোজ খান। অভিযুক্ত দু'জনেই দুটি সাদা ব্যাগ-সহ একটি স্কুটিতে আসছিল। তল্লাশি চালানোর সময়, দু'টি ব্যাগ থেকে মোট ২১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও, ফিরোজ খানের কাছ থেকে প্রায় ৪৬ গ্রাম স্ম্যাক উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ফিরোজ খান স্বীকার করে, সে এর আগে গাঁজা সরবরাহ সংক্রান্ত মামলায় চারবার গ্রেফতার হয়েছিল এবং উত্তর প্রদেশের নয়ডায় ইউপি গ্যাংস্টার আইনের অধীনেও মামলা দায়ের করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ