
মেলাঘর (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : জলের অভাবে চরম সংকটে পড়েছেন সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার কৃষকরা। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা পাইপলাইনের কারণে কৃষি জমিতে সেচের জল পৌঁছাচ্ছে না। ফলে ইন্দিরানগর এলাকার বিস্তীর্ণ কৃষিজমিতে ফসল নষ্ট হওয়ার মুখে পড়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ইন্দিরানগর বকসিবাড়ি এলাকার গোমতী নদীর তীরে কৃষি জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে একটি পাম্প বসানো রয়েছে। নদীতে পর্যাপ্ত জল থাকলেও জমিতে সেই জল পৌঁছাতে পারছে না। কারণ, মাঠে জল সরবরাহের জন্য যে পাইপলাইন বসানো হয়েছে তা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
জল পাম্পের অপারেটর স্থানীয় এমআই দফতরে একাধিকবার লিখিতভাবে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে সেচের অভাবে এলাকার বহু জমিতে চাষ করা মরিচ, ঝিঙ্গে, বেগুনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অনেক জমিতে মাটি ফেটে গিয়ে ফসল ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছেছে।
জনৈক কৃষক জানান, বাধ্য হয়ে বাড়ির পানীয় জলের ট্যাপ থেকে পাইপ টেনে জমিতে কোনওরকমে জল দিয়ে সবজি ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে এভাবে কতদিন চলবে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে অন্যান্য কৃষকরাও সেচের জল না পাওয়ায় গভীর সমস্যায় পড়েছেন। ধান ও সবজি চাষ করা বহু জমি এখন শুকিয়ে যাচ্ছে। ফলে কৃষকদের মাথায় হাত পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দফতর যেন অকেজো পাইপলাইন মেরামত করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করে। অন্যথায় কয়েক দিনের মধ্যেই বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ