
মালদা, ১৩ মার্চ (হি. স.): কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে বড়সড় প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সভা ভরাতে উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দলীয় নেতৃত্ব। সেই উদ্দেশ্যেই উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৬টি বিশেষ ট্রেন ভাড়া করেছে বিজেপি বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্রের দাবি, কর্মী, সমর্থক, নেতা-নেত্রী এবং সাধারণ মানুষ যাতে মোদীর সভায় যেতে কোনও ধরনের হয়রানির শিকার না হন, তার জন্যই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ওই ট্রেনগুলির ভাড়া রেল মন্ত্রককে মিটিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা থেকেও দুই জোড়া ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ১৩ মার্চ নির্দিষ্ট সময়ে ট্রেনগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং ১৪ মার্চ সভা শেষে একই দিন ফিরে আসবে। যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার পাশাপাশি খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে এই বিপুল আয়োজনকে ঘিরে কড়া সমালোচনা করেছে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও কংগ্রেস সাংসদ ইসাখান চৌধুরী প্রশ্ন তুলেছেন এত বিপুল অর্থের উৎস নিয়ে। যদিও বিজেপির দাবি, কর্মী-সমর্থকদের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়