ত্রিপুরা বিধানসভায় রাজ্যপালের ভাষণে কৃষি ও জনকল্যাণে জোর
আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুক্রবার শুরু হল ত্রিপুরা বিধানসভার ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশন। সংবিধান ও প্রথা মেনে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাজ্যপালের ভাষণের মাধ্যমেই অধিবেশনের সূচনা হয়।
বিধানসভায় রাজ্যপালের ভাষণ


আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুক্রবার শুরু হল ত্রিপুরা বিধানসভার ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশন। সংবিধান ও প্রথা মেনে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাজ্যপালের ভাষণের মাধ্যমেই অধিবেশনের সূচনা হয়।

ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার এই বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলায় লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল। ভাষণে তিনি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের পথে কাজ করে চলেছে রাজ্য সরকার।

রাজ্যপাল জানান, কৃষিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৯৬ হাজার কৃষককে ফসল বীমার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনার মাধ্যমে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে মুরগি, ছাগল ও শুকর পালনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়াও আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ইতিমধ্যে ৬৫টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজ্যপাল বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ফলে ত্রিপুরা এক নবজাগ্রত রাজ্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে রাজ্যেও ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার কাজ এগিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

ভাষণের শেষে রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণের পর সদ্যপ্রয়াত বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করা হয়। এরপর শুক্রবারের জন্য বিধানসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। আগামী সোমবার বিধানসভায় ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande