দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সভাপতির পদ থেকে স্বরূপ চৌধুরীর পদত্যাগ
বালুরঘাট, ১৩ মার্চ (হি. স.):- দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতির পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন স্বরূপ চৌধুরী। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা
পদত্যাগ


বালুরঘাট, ১৩ মার্চ (হি. স.):- দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতির পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন স্বরূপ চৌধুরী। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা নাকি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব—কোন কারণে তিনি এই পদক্ষেপ নিলেন, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে।শুক্রবার স্বরূপ চৌধুরী জানান, দলের কোনও নির্দেশে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্বরূপ চৌধুরীর কথায়, “বর্তমান পরিস্থিতি বিচার করে মনে হয়েছে, আমার পক্ষে আর জেলা সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। সেই কারণেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।”তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুমারগঞ্জ আসনে প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তাই তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সুভাষ চাকি দাবি করেন, দীর্ঘদিন ধরেই জেলা বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য, সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণ করতে না পারার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।সব মিলিয়ে স্বরূপ চৌধুরীর পদত্যাগে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন বিজেপির পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande