
বুলন্দশহর, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার খুরজা থানার অন্তর্গত এলাকার নেহেরুপুর গ্রামের কাছে জঙ্গল থেকে এক মহিলা, এক যুবক ও একটি শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সিং। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃত তিনজন একই পরিবারের সদস্য হতে পারেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেহরুপুর ও মাঞ্চিপুর গ্রামের মাঝামাঝি জঙ্গল থেকে তিনটি দেহ উদ্ধার হয়। একটি গাছ থেকে মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর প্রায় সাত-আট বছর বয়সি এক শিশুকন্যা ও এক যুবকের দেহ মাটিতে পড়ে ছিল। মহিলা ও যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং নেহরুপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য