
আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : ত্রিপুরা বিধানসভার পরবর্তী অধ্যক্ষ হিসেবে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়াকে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিনের জনজাতি সমাজের রাজনৈতিক ব্যক্তিত্ব রামপদ জমাতিয়াকে অধ্যক্ষ হিসেবে সকলের সমর্থন করা উচিত বলে মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
শুক্রবার বিধানসভা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রামপদ জমাতিয়া দীর্ঘদিন ধরে জনজাতি সমাজের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কাজ করে আসছেন। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। তাই তাঁকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে মনোনীত করা যথাযথ সিদ্ধান্ত এবং তাঁকে সবাই সমর্থন করবেন বলেই তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী রামপদ জমাতিয়াকে ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় রাজ্যপালের ভাষণ সম্পর্কেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রাজ্যপাল তাঁর ভাষণ ককবরক ভাষায় শুরু করেন, পরে বাংলা এবং ইংরেজিতেও বক্তব্য রাখেন। এতে ভাষার বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের বার্তা ফুটে উঠেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিবেদন রাজ্যপাল বিধানসভায় উপস্থাপন করেছেন, তার অধিকাংশ বিষয়ই রাজ্যবাসীর জানা। পরবর্তী সময়ে বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং বিরোধী সদস্যরাও সেখানে বক্তব্য রাখার সুযোগ পাবেন।
এছাড়া ২০২৬–২৭ অর্থবর্ষের সম্ভাব্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্তভাবে জানান, বাজেট সর্বসাধারণের জন্যই তৈরি করা হয়। আগামী এক বছরে রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ হবে এবং কোন কোন খাতে অর্থ ব্যয় করা হবে, তার বিস্তারিত বিবরণ বাজেটে উল্লেখ থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ