পূর্ণ সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো দুর্গাপুরের শহীদ জওয়ান অজয় জয়সওয়ালকে
আসানসোল, ১৩ মার্চ (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ান অজয় জয়সওয়ালের পার্থিব শরীর দুর্গাপুরের পৈতৃক আবাসে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জম্মুতে সামরিক মহড়ার সময় কামানের গোলা ফেটে অজয় জয়সওয়ালের মৃত্যু হয়। তিনি দুর্গাপু
শহীদ জওয়ান অজয় জয়সওয়াল


আসানসোল, ১৩ মার্চ (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ান অজয় জয়সওয়ালের পার্থিব শরীর দুর্গাপুরের পৈতৃক আবাসে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জম্মুতে সামরিক মহড়ার সময় কামানের গোলা ফেটে অজয় জয়সওয়ালের মৃত্যু হয়। তিনি দুর্গাপুরের মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা ছিলেন। শুক্রবার শহীদ অজয় জয়সওয়ালের তেরঙা পতাকায় ঢাকা মরদেহ তাঁর বাসভবনে আনা হয়। এই সময় পুরো এলাকা ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এর আগে বৃহস্পতিবার শহীদ জওয়ানের দেহ বিশেষ বিমানে অন্ডাল বিমানবন্দরে আনা হয়েছিল এবং সেখান থেকে নিয়ে গিয়ে পানাগড় সেনা ক্যাম্পে রাখা হয়েছিল।

শুক্রবার সকালে পুষ্পসজ্জিত বিশেষ সামরিক যানে তাঁর কফিনবন্দি দেহ পৈতৃক ভিটে-তে নিয়ে আসা হয়। দুর্গাপুরবাসী পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের বীর সন্তানকে শেষ বিদায় জানান। সেনাবাহিনীর জওয়ানরা রাইফেল নত করে শোক প্রকাশ করেন এবং এরপর আকাশে গুলি ছুড়ে গান স্যালুট প্রদান করা হয়।

শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক (এসডিও) সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা শহীদ জওয়ানের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, অজয় জয়সওয়াল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জম্মুতে সামরিক মহড়ার সময় একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের জন্য দুর্গাপুরবাসী গর্বিত, তবে একই সঙ্গে তাঁর পরিবারের জন্য আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইল। একটি সুন্দর জীবন শুরুর আগেই শেষ হয়ে গেল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande