
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে একটি সুসমন্বিত যৌথ অভিযানে ভাগলপুরে অপরাধীদের বড় ঘাঁটিতে হানা দিয়েছে। এই পদক্ষেপে ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে পূর্ব রেলওয়ে।
আরপিএফ-এর দাবি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার নিরন্তর প্রচেষ্টায় এই অভিযান সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এক উল্লেখযোগ্য সাফল্য। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং যাত্রীদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকারও বেশি।
ভাগলপুরের মহম্মদ কালাম, মহম্মদ বিলাল (গুল্লু) এবং মহম্মদ নারা মিয়ার বাড়িতে এই অভিযান চলাকালীন ওই চত্বর থেকে দুই মহিলাকে আটক করা হয়। ধৃতদের নাম রুবি খাতুন (২২) এবং কামর জাহান (৩০)। উভয়ই ভাগলপুরের বাসিন্দা। নিবিড় তল্লাশিকালে যৌথ দল উক্ত বাড়িগুলির ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যাত্রীদের সন্দেহভাজন চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৫,১১,০০০ টাকা।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
* ০২টি পিস্তল, * পিস্তলের ১২ রাউন্ড তাজা কার্তুজ,* ০৪টি পিস্তল ম্যাগাজিন, * ০৪টি দেশি পিস্তল (দেশি কাট্টা), * দেশি পিস্তলের ০৬ রাউন্ড তাজা কার্তুজ, * ০৩টি স্টিলের রামপুরী ছুরি, * ০৪টি লোহার ছুরি, * ০১টি ধারালো লোহার গরানসি, * ০১টি দা (ধারালো কাটার অস্ত্র), * ০১টি স্যামসাং ট্যাবলেট, * ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, * ২৮টি কিপ্যাড মোবাইল ফোন, * ০১টি হাতঘড়ি, * ০৩টি ট্রলি ব্যাগ, * ০১টি হালকা ওজনের ওজন মাপার যন্ত্র, * প্রায় ০৪ গ্রাম ওজনের সোনার অলঙ্কার, * প্রায় ২০০ গ্রাম ওজনের রুপোর অলঙ্কার, * বিভিন্ন ব্যক্তি ও যাত্রীদের ৫০টি আধার কার্ড।
অভিযান চলাকালীন ঘটনাস্থলে কোনো পুরুষ সন্দেহভাজনকে পাওয়া যায়নি এবং বাড়িতে কেবল ওই দুই মহিলাই উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত