
কানপুর, ১৩ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বন দফতরের পোশাক পরে মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে ২ কেজি ৩৫ গ্রাম মাদক উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মধুকর ভাদৌরিয়া। তিনি রাওয়াতপুর থানার কেশবপুরম আবাসন উন্নয়ন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছেন, ২০১২ সালে তিনি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বন দফতরে কাজ শুরু করেছিলেন এবং সেই সময় বিভাগের একটি পোশাক পান। পরে চাকরি শেষ হয়ে গেলেও তিনি সেই পোশাক রেখে দেন।
পুলিশের দাবি, বন দফতরের পোশাক পরে থাকায় কেউ তাকে সন্দেহ করত না। এই সুযোগেই তিনি ২০১৮ সাল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি উন্নাও থেকে মাদক এনে ট্রাক ও অটোচালক-সহ কানপুরের বিভিন্ন যুবকদের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ। ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন