বিজেপির ব্রিগেড সভা: উত্তরবঙ্গ থেকে আসছে ১৬টি বিশেষ ট্রেন, বিপুল খরচ নিয়ে তোপ বিরোধীদের
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে সফল করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ কর্মী-সমর্থককে কলকাতায় নিয়ে আসার লক্ষ্যে আটটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৬ট
বিজেপির ব্রিগেড সভা: উত্তরবঙ্গ থেকে আসছে ১৬টি বিশেষ ট্রেন, বিপুল খরচ নিয়ে তোপ বিরোধীদের


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে সফল করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ কর্মী-সমর্থককে কলকাতায় নিয়ে আসার লক্ষ্যে আটটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৬টি বিশেষ ট্রেন ভাড়া করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই রেল মন্ত্রককে ওই ট্রেনগুলির প্রয়োজনীয় ভাড়ার টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রের খবর, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা থেকেও দুই জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ যাতে যাতায়াতে কোনও হয়রানির শিকার না হন, সেই কারণেই এই বিশেষ বন্দোবস্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ থেকেই ট্রেনগুলি কলকাতার উদ্দেশে রওনা দেবে এবং ১৪ মার্চ অর্থাৎ শনিবার সভা শেষ হওয়ার পরপরই সেগুলি পুনরায় উত্তরবঙ্গের উদ্দেশে ফিরে যাবে। শুধু যাতায়াতই নয়, সমর্থকদের জন্য ট্রেনে খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি ট্রেনের জন্য আনুমানিক দুই লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

​এদিকে, বিজেপির এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেসের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধীদের তোপ, নির্বাচনের মুখে ক্ষমতার অপব্যবহার করে এবং বিপুল অর্থ খরচ করে ভিড় বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, সাধারণ মানুষের করের টাকায় এই বিলাসিতা কি না, তা স্পষ্ট করা উচিত।

​পাল্টা জবাবে বিজেপি নেতৃত্বের দাবি, কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সভায় যোগ দিতে চাইছেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থেই এই গণতান্ত্রিক পরিকাঠামো ব্যবহার করা হচ্ছে। এর পেছনে কোনও অনৈতিক বিষয় নেই, বরং সাধারণ মানুষের আবেগকে সম্মান জানাতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে যখন উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের মিছিল কলকাতার পথে, তখন এই তরজা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande