
শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার বাস্তি গ্রামের কাছে শুক্রবার একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশের একজন হেড কনস্টেবল এবং তাঁর স্ত্রী মারা গিয়েছেন, তাঁদের দুই সন্তান আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বাস্তি গ্রামের কাছে একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ধারে খাদে পড়ে যায়। এই ঘটনায় হেড কনস্টেবল জুলফিকার আলি এবং তাঁর স্ত্রী মারা গিয়েছেন, গাড়িতে থাকা দম্পতির দুই সন্তান গুরুতর আহত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স মাধ্যমে তিনি জানান, ভাদেরওয়ার বাস্তি গ্রামের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডোডার ডিসি কৃষ্ণ লালের সঙ্গে কথা বলেছি, দুর্ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশের একজন হেড কনস্টেবল জুলফিকার আলি এবং তাঁর স্ত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের দুই সন্তান আহত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ