
উত্তর ২৪ পরগনা, ১৪ মার্চ (হি.স.): শনিবার ভোরে দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত ভিগেরআটি এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃত দুই যুবকের নাম রমেন মণ্ডল এবং ইশান মণ্ডল। তাদের বয়স যথাক্রমে একুশ ও আঠারো| দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এ দিন ভোরে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন চার যুবক। একটি বাইকে তিনজন, অন্য একটি বাইকে আরেকজন যুবক ছিলেন। স্থানীয়দের দাবি, প্রথম বাইকটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাওয়ার সময়ে ভোরে একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। পিছনে থাকা আরেকটি বাইকেরও ধাক্কা লাগে| সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই গুরুতর জখম হন চার জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ