
পাথারকান্দি (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : পাথারকান্দি বিধানসভা এলাকার লঙ্গাই চা বাগানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভূমি বন্দোবস্তের ডিজিটাল পাট্টা বিতরণ কর্মসূচি।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লঙ্গাই চা বাগানের ২০৭ জন শ্রমিকের হাতে জমির ডিজিটাল পাট্টা তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। এছাড়াও উপস্থিত ছিলেন পাথারকান্দি চক্র আধিকারিক অধিতি নুনিসা সহ প্রশাসনের পদস্থ আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী বলেন, আজ চা শ্রমিক পরিবারগুলোর জন্য এক ঐতিহাসিক দিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে যাঁরা বাগানের জমিতে বসবাস করে আসছেন, আজ থেকে তাঁরা নিজেদের ভিটেমাটির আইনি মালিকানা পেলেন। ডিজিটাল পাট্টা বিতরণের মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে।
আজ প্রথম দফায় লঙ্গাই চা বাগানের ২০৭ জন শ্রমিকের হাতে ভূমিপাট্টা তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাগানের অন্যান্য যোগ্য শ্রমিক পরিবারকেও এই ডিজিটাল পাট্টা প্রদান করা হবে। ডিজিটাল পাট্টা পাওয়ার ফলে শ্রমিকরা এখন থেকে নিজেদের জমির স্থায়ী মালিকানা পাবেন, সরকারি বিভিন্ন গৃহনির্মাণ প্রকল্প ও ঋণের সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন,জমির সীমানা এবং মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে যে কোনও জটিলতা নিরসন করবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস