

আশাকর্মী এবং আশা সুপারভাইজারদের মোবাইল ফোন বিতরণ
হাফলং (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাফলঙে একটি ওষুধ নিয়ন্ত্রণ কার্যলয় এবং অত্যাধুনিক ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চ্যাংসন, পরিষদের অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত দনপাইনন থাওসেন জেলা ওষুধ নিয়ন্ত্রণ কার্যলয় এবং হাফলং সিভিল হাসপাতালে অত্যাধুনিক ট্রমা সেন্টারের উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্যামুয়েল চাংসন বলেন, উদ্বোধিত সুবিধাগুলি জেলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। বিশেষ করে আপৎকালীন চিকিৎসা ক্ষেত্রে ট্রমা সেন্টারটি জনগণের জন্য সহায়ক হবে।
তিনি বলেন, হাফলঙে ওষুধ নিয়ন্ত্রণ কার্যালয় প্রতিষ্ঠা হওয়ায় সংশ্লিষ্ট পরিষেবার আরও ভালো পর্যবেক্ষণ নিশ্চিত করতে সহায়তা করবে। অন্যদিকে আশা কর্মী এবং আশা সুপারভাইজারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনও বিতরণ করা হয়েছে আজ।
দনপাইনন থাওসেন বলেন, আশা কর্মী এবং আশা সুপারভাইজারদের মোবাইল ফোন প্রদানের লক্ষ্য হলো, তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যোগাযোগ, সমন্বয় এবং দক্ষতা উন্নত করা, যার ফলে জেলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব