ইরানের খার্গ দ্বীপে মার্কিন বোমাবর্ষণের দাবি ট্রাম্পের, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের
ওয়াশিংটন, ১৪ মার্চ (হি.স.) : ইরানে আমেরিকা–ইজরায়েলের সামরিক অভিযানের মধ্যে ইরানের খার্গ দ্বীপে বড়সড় বোমাবর্ষণের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে শনিবার ) তিনি জানান, মার্কিন সেন্ট্রাল কম্যান্ড খার্গ দ
ইরানের খার্গ দ্বীপে মার্কিন বোমাবর্ষণের দাবি ট্রাম্পের, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের


ওয়াশিংটন, ১৪ মার্চ (হি.স.) : ইরানে আমেরিকা–ইজরায়েলের সামরিক অভিযানের মধ্যে ইরানের খার্গ দ্বীপে বড়সড় বোমাবর্ষণের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে শনিবার ) তিনি জানান, মার্কিন সেন্ট্রাল কম্যান্ড খার্গ দ্বীপে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে সেখানে থাকা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করেছে। যদিও ইচ্ছাকৃতভাবে দ্বীপের তেলের অবকাঠামোতে আঘাত করা হয়নি বলে দাবি তাঁর।

সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, এই অভিযান মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম বড় বোমাবর্ষণ অভিযান। মার্কিন বাহিনী দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ধ্বংস করেছে বলেও তিনি দাবি করেন। এ সংক্রান্ত একটি ভিডিয়ো-ও তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি ইরান বা অন্য কোনও দেশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি করে, তবে আমেরিকা তাদের সিদ্ধান্ত বদলাতে পারে। সে ক্ষেত্রে খার্গ দ্বীপের তেল অবকাঠামোকেও লক্ষ্য করে হামলার কথা বিবেচনা করা হতে পারে।

এদিকে মার্কিন হামলার দাবির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের তেল, অর্থনৈতিক বা জ্বালানি সম্পদের উপর আঘাত এলে ইরান দ্রুত পাল্টা জবাব দেবে। প্রয়োজনে আমেরিকার সঙ্গে যুক্ত আঞ্চলিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খার্গ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা এবং দেশের বৃহত্তম তেল রফতানি কেন্দ্রগুলির একটি। বিশেষজ্ঞদের মতে, এই দ্বীপ ইরানের জ্বালানি উৎসের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande