
কারুর, ১৫ মার্চ (হি.স.): কলেজ পড়ুয়াদের বাসের সঙ্গে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ২০-র বেশি। শনিবার সন্ধ্যারাতে তামিলনাড়ুর কারুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসে ছিলেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অন্তত ৫০ জন পড়ুয়া। ভেল্লিয়ানাইয়ের কাছে একটি অরক্ষিত রেল-ক্রসিং পার করার সময়ে বাসটির পিছন দিকে একটি মালবাহী ট্রেন ধাক্কা মেরে বেরিয়ে যায়। গুরুতর জখম পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয়েরা কারুর সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় রেলওয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই রেললাইনটি তাদের আওতায় পড়ে না। ব্যক্তিগত ওই লাইনটি ব্যবহার এবং পরিচালনা করে একটি সিমেন্ট কারখানা। ঘটনাস্থল ঘুরে দেখেছেন কারুরের পুলিশ সুপার। হাসপাতালে যান সাংসদ এস জ্যোতিমানি। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান ডিএমকে নেতা সেন্থিল বালাজি ও এআইএডিএমকে নেতা এমআর বিজয়ভাস্কর৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ