
নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): দেশে রান্নার গ্যাসের (এলপিজি) জোগান স্বাভাবিক রাখতে বিদেশ থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে ভারতে ফিরছে দুটি ভারতীয় জাহাজ। আগামী ১৬ ও ১৭ মার্চ গুজরাটের মুন্দ্রা ও কান্ডালা বন্দরে জাহাজ দুটি নোঙর করবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক জানিয়েছে, এই জাহাজ দুটিতে মোট ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি রয়েছে। জোগান যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, তার জন্য বন্দরগুলোতে এই জাহাজ দুটিকে অগ্রাধিকার ভিত্তিতে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে।শিপিং মন্ত্রকের আধিকারিক রাজেশ কুমার সিনহা এক সাংবাদিক বৈঠকে জানান, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস) নিরন্তর ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং সেখানে কর্মরত ভারতীয় নাবিকদের পরিস্থিতির ওপর নজর রাখছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ভারতীয় নাবিকরা সুরক্ষিত আছেন এবং গত ২৪ ঘণ্টায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। হরমোজ প্রণালীর পশ্চিমে ভারতের ২৪টি জাহাজ ছিল, যার মধ্যে এলপিজি পরিবাহী জাহাজ ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ শনিবার ভোরে নিরাপদে প্রণালী পার হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘শিবালিক’ আগামী ১৬ মার্চ মুন্দ্রা বন্দরে এবং ‘নন্দাদেবী’ ১৭ মার্চ কান্ডালা বন্দরে পৌঁছাবে। এর ফলে বর্তমানে পারস্য উপসাগরে ভারতের আর ২২টি জাহাজ অবশিষ্ট রয়েছে, যেখানে ৬১১ জন ভারতীয় নাবিক রয়েছেন।নাবিক ও তাঁদের পরিবারের সহায়তার জন্য জাহাজ চলাচল মন্ত্রকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আধিকারিক রাজেশ কুমার সিনহা আরও জানান, গত ২৪ ঘণ্টায় কন্ট্রোল রুমে ৩১২টি ফোন কল এবং ৪৬০টি ইমেল এসেছে। প্রতিটি বার্তার যথাযথ উত্তর দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০০০ কল ও সমসংখ্যক ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি