
ভ্যাটিকান সিটি, ১৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা ও চলমান সামরিক সংঘাতের প্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সহিংসতা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা জরুরি।
রবিবার ভ্যাটিকানে অ্যাঞ্জেলাস প্রার্থনার পর বক্তব্য রাখতে গিয়ে পোপ বলেন, উপসাগরীয় অঞ্চলের মানুষ গত দু’সপ্তাহ ধরে যুদ্ধের ভয়াবহতার মধ্যে দিন কাটাচ্ছেন। সংঘাতে জড়িত সব পক্ষের উদ্দেশে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আবেদন জানান।
পোপ লিও বলেন, সংঘাতে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিপুল সংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছেন। স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলায় নিহতদের পরিবারগুলির প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, যুদ্ধ ও সহিংসতা কখনও স্থায়ী সমাধান এনে দিতে পারে না। সহিংসতার মাধ্যমে না ন্যায় প্রতিষ্ঠিত হয়, না স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসে—যার প্রত্যাশা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে করে আসছেন।
পোপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি মানবিক সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানোরও আবেদন করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য