
কিয়েভ, ১৫ মার্চ (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রাতভর রুশ ড্রোন হামলার বড় দাবি করল ইউক্রেন। ইউক্রেনের মতে, রাশিয়া মোট ৯৭টি ড্রোন দিয়ে হামলা চালায়, যার মধ্যে ৯০টিই গুলি করে নামানো বা ইলেকট্রনিক ব্যবস্থায় নিষ্ক্রিয় করার ফলে মাটিতে আছড়ে পড়ল।
ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রেনিয়ান ন্যাশনাল নিউজ (ইউএনএন) সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাশিয়ার বড় ড্রোন হামলা প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, প্রতিরক্ষা বাহিনী ৯৭টি ড্রোনের মধ্যে ৯০টিকেই গুলি করে নামিয়েছে বা ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ছিল শাহেদ, জেরবেরা এবং ইটালমাস মডেলের ড্রোন। এর মধ্যে প্রায় ৭০টি ছিল শাহেদ শ্রেণির কামিকাজে ড্রোন, যা বড় আকারের হামলায় ব্যবহৃত হয়।
ইউক্রেনের দাবি, এসব ড্রোন রাশিয়ার ব্রায়ানস্ক, ওরিওল, কুরস্ক এবং মিলেরোভো অঞ্চল ছাড়াও দখলকৃত ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, ড্রোন ইউনিট এবং মোবাইল ফায়ার গ্রুপ যৌথভাবে এই হামলা প্রতিহত করে।
তবে সেনাবাহিনীর মতে, পাঁচটি ড্রোন পাঁচটি পৃথক স্থানে পড়ে যায় এবং মাটিতে আছড়ে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ দুই জায়গায় পড়েছে বলে খবর। বিমানবাহিনী জানিয়েছে, ভোর পর্যন্ত হামলা চলছিল এবং কিছু মানববিহীন(ইউএভি) ড্রোন এখনও ইউক্রেনের আকাশসীমায় সক্রিয় ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য