
তিরুঅনন্তপুরম, ১৬ মার্চ (হি.স.): দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত ঘটনার জেরে তিরুঅনন্তপুরম থেকে দুবাইগামী এমিরেটসের একটি উড়ান মাঝ আকাশ থেকেই ফিরে এল। সোমবার সকালে ঘটনাটি ঘটে। তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানান, এমিরেটসের টিআরভি-ডিএক্সবি ফ্লাইটটি দুবাই বিমানবন্দরের অস্থায়ী বন্ধের কারণে মাঝপথে ফিরে আসে এবং সকাল ৮টা ৪০ মিনিটে তিরুঅনন্তপুরমে অবতরণ করে। তিনি আরও জানান, বিমানটি সকাল ৪টে ৪০ মিনিটে উড়েছিল। ছিলেন ৩৫৩ জন যাত্রী এবং ১৯ জন ক্রু সদস্য। সকলকে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, দুবাই বিমানবন্দরের সামনে আবারও ড্রোন হামলায় জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ভোরের আলো ফোটার আগেই দুবাইতে ড্রোন হামলা হয়। বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোন এসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত সংশ্লিষ্ট বাহিনীকে আগুন নেভানোর কাজে মোতায়েন করেন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গোটা এলাকার নিরাপত্তা এবং নজরদারি আঁটোসাঁটো করা হয়েছে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট জ্বালানির ট্যাঙ্কটি। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ