
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): রবিবার ভোট ঘোষণার ঠিক আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ (ডিএ) ভাতা মেটানোর কথা আচমকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘোষণার পর সোমবার পর্যন্ত অর্থ দফতরের তরফে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আর এই বিলম্ব ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা।
একদিকে যেমন সরকারি কর্মী সংগঠনগুলি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনই অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি একে শাসকদলের নিছক 'ভোটের চমক' বলে তীব্র কটাক্ষ করেছে।
রবিবার জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের ঠিক আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্য সরকারের নিজস্ব কর্মী, শিক্ষক থেকে শুরু করে পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা মার্চ মাস থেকেই রোপা ২০০৯-এর বকেয়া ডিএ পেতে শুরু করবেন।
বিগত কয়েক বছর ধরে এই বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টেও এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছে। শীর্ষ আদালত গত ৫ ফেব্রুয়ারি এই বকেয়া মেটানোর নির্দেশও দিয়েছিল। সেই আবহে মুখ্যমন্ত্রীর রবিবারের ঘোষণা প্রাথমিকভাবে কর্মী মহলে কিছুটা স্বস্তি দিলেও, খাতায়-কলমে সরকারি নির্দেশিকা না-মেলায় ফের সংশয় তৈরি হয়েছে কর্মীদের অন্দরে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত