
কলকাতা, ১৭ মার্চ, (হি. স.) : ভারতীয় বোর্ডের সদস্য সংস্থা ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) আনন্দের সঙ্গেই ঘোষণা করছে যে, - 'কিডস অন জি ফাইভের' উপস্থাপনায় শীঘ্রই এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আরম্ভ হচ্ছে। ওই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল, শৈশব পর্যায় থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনা। সেইসঙ্গে তাদের সামনেই নিজ প্রতিভা প্রদর্শনের এক নতুন দিগন্ত খুলে দেওয়া প্রধান লক্ষ্য।
'কিডস অন জি ফাইভ'-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ আয়োজনে এনসিসি এবং মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। ২৪টি দলের যে টুর্নামেন্ট ১৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এবং আগামী ২৫ মার্চ সমাপ্তি । যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তরুণ বালক - প্রতিভারা অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য একদিকে যেমন প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি, তেমনই অফুরান ক্রিকেট-শিক্ষা প্রদান।
উল্লেখ্য, ১০ ওভারের ফর্ম্যাটে হবে টুর্নামেন্টটি। যেখানে প্রতিটি ম্যাচে প্রতিটা টিম থেকে সর্বাধিক ১১ জন ব্যাট করতে পারবে। ইনিংস সম্পূর্ণ করার জন্য তবে ১০ জনকে বোলার হিসেবে ব্যবহার করা যাবে। তবে প্রতিটি বোলার সর্বোচ্চ ২ ওভার বল করবে।
এছাড়াও, ইনিংসের মাঝে একটি স্ট্র্যাটেজিক টাইম - আউটের ব্যবস্থা থাকছে। যেখানে কোচেরা সরাসরি দলের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দিতে পারবেন।
প্রসঙ্গতঃ তরুণ ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ম্যাচগুলো সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে, যা একদিকে পেশাদার ম্যাচের আবহ তৈরি করবে এবং অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করবে।
খেলার নিয়মাবলীতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ১১ গজের একটি 'ইনার সার্কেল' - যার মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ছাড়া অন্য কোনও ফিল্ডারকে ক্যাচিং পজিশনে রাখা যাবে না। এই নিয়মটি প্রয়োগ করা হয়েছে ক্লোজ-ইন ফিল্ডারদের আঘাতের ঝুঁকি কমাতে।
বেবি লিগ যাঁর মস্তিষ্কপ্রসূত, অভিষেক ডালমিয়া এই উদ্যোগের প্রসঙ্গে বলেন, “তরুণ ক্রিকেটাররা কোচিংয়ে অনেক সময় খরচ করলেও প্রায়ই তারা ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পায় না। ক্রিকেট এমন একটা খেলা যেখানে মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ম্যাচ খেলার মাধ্যমেই গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে শিশুরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে, ম্যাচের চাপ সামলাতে শিখবে, খেলার মাঝেই কোচদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সবচেয়ে বড় কথা, খেলাটির প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে।” ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি শ্রী পবন ভালোটিয়া এই উদ্যোগ সম্পর্কে বলেন, “ওই টুর্নামেন্ট আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে আমরা তৃণমূল স্তর থেকে ক্রিকেটকে শক্তিশালী করে তরুণ খেলোয়াড়দের জন্য একটি সুসংগঠিত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। সুতরাং অভিষেক ডালমিয়ার দূরদর্শিতা এবং উদ্যোগকে বিশেষভাবে স্বীকৃতি জানাই, যার ভাবনা ও আবেগ এই টুর্নামেন্টকে বাস্তব রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার এবং রঞ্জি ট্রফি জয়ী দলের বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অল্প বয়সে ম্যাচ খেলার অভিজ্ঞতা একজন খেলোয়াড়ের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিসি বেবি লিগ শিশুদের জন্য সেই প্রেক্ষিতে এক অসাধারণ সুযোগ, যেখানে বালক-প্রতিভারা খেলার নান্দনিকতা বুঝতে পারবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে শিখবে এবং দলগত পরিবেশে পারফর্ম করতে শিখবে। খেলোয়াড়দের উন্নয়ন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
ন্যাশনাল ক্রিকেট ক্লাব 'কিডস অন জি ফাইভ'-কে টাইটেল স্পনসর হিসেবে পাশে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং এ হেন ক্রীড়া উদ্যোগকে সমর্থন করার জন্য তাদের ভূমিকার প্রশংসা করেছে। এছাড়াও, মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি, অংশগ্রহণকারী সমস্ত অ্যাকাডেমি, কোচ, অভিভাবক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত