
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : প্রস্তাবিত 'ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস) সংশোধনী বিল, ২০২৬' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রূপান্তরকামী সম্প্রদায়ের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা দাবি করেন, এই বিলের প্রস্তাবিত পরিবর্তনগুলি সুপ্রিম কোর্টের স্বীকৃত স্ব-পরিচয়ের সাংবিধানিক নীতিকে চরমভাবে বিঘ্নিত করবে।'ট্রান্সজেন্ডার অধিকার সংগঠিত মঞ্চ' (টিএএস)-এর প্রতিনিধিরা জানান, চলতি মাসের ১৩ তারিখ সংসদে উত্থাপিত এই বিলটি লোকসভায় কোনও বিস্তারিত আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে (ভয়েস ভোট) পাস হয়ে গিয়েছে। এই তড়িঘড়ি বিল পাসের প্রক্রিয়া তাঁদের মধ্যে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।বক্তাদের অভিযোগ, সংশোধনীতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দের সংজ্ঞাকে একটি নির্দিষ্ট সামাজিক-সাংস্কৃতিক পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে বহু মানুষ এই আইনের আওতা থেকে বাদ পড়তে পারেন। প্রতিনিধি দেবাংশী বিশ্বাস চৌধুরী বলেন, “এই পদক্ষেপ ঐতিহাসিক নালসা রায়ের মূল ভাবনাকেই আঘাত করেছে। আত্মপরিচয় নির্ধারণের যে অধিকার আদালত দিয়েছিল, তাকে খর্ব করার চেষ্টা চলছে।”নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে শান চৌধুরী জানান, পরিচয় নির্ধারণে প্রশাসনিক স্বীকৃতি বাধ্যতামূলক করা হলে সাধারণ রূপান্তরকামী মানুষের জীবন আরও জটিল হয়ে উঠবে। অন্যদিকে, অধিকারকর্মী তিস্তা দাস এই সংশোধনীকে মানবাধিকার বিরোধী বলে সতর্ক করে দিয়েছেন।এদিনের সভা থেকে বক্তারা অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান। তাঁদের স্পষ্ট বক্তব্য, “নালসা রায় থেকে কোনও ভাবেই পিছিয়ে যাওয়া যাবে না। সাংবিধানিক অধিকার রক্ষা করতে আমাদের আন্দোলন জারি থাকবে।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত