জ্যোতির্ময় দত্তের স্মরণসভা: ‘বেপরোয়া সাংবাদিকতা ও সংস্কৃতির এক বর্ণময় ব্যক্তিত্ব’
​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : “জ্যোতিদা’কে প্রণাম।” এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়েই মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো প্রথিতযশা সাংবাদিক জ্যোতির্ময় দত্তের স্মরণসভা। ৬৬ বুক হাউসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের বর্ণময় জীবন ও
প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত অনুষ্ঠানের দৃশ্য


​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : “জ্যোতিদা’কে প্রণাম।” এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়েই মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো প্রথিতযশা সাংবাদিক জ্যোতির্ময় দত্তের স্মরণসভা। ৬৬ বুক হাউসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের বর্ণময় জীবন ও বহুমুখী প্রতিভাকে স্মরণ করেন সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।​স্মৃতিচারণ পর্বে বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বলেন, “সাংবাদিক হিসেবে জ্যোতির্ময় দত্ত ছিলেন একাধারে জেদি, বেয়ারা এবং বেপরোয়া। সত্য প্রকাশে তিনি কোনোদিন আপস করেননি। তাঁর লেখা দুই খণ্ডের আত্মজীবনী ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের কাছে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।”​বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথ সত্যজিৎ রায়ের সঙ্গে জ্যোতির্ময় দত্তের সম্পর্কের এক অজানা দিক তুলে ধরেন। তিনি জানান, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি মুক্তির পর যখন সব মহলে বিরূপ সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছিল, তখন জ্যোতির্ময় দত্ত একাই বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন। ইংরেজি ভাষায় এই ছবি নিয়ে তাঁর লিখিত সেই প্রতিবেদনটি সাংবাদিকতার এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে।​এদিনের মঞ্চে দিব্য মুখোপাধ্যায় তুলে ধরেন বাংলা গানের জগতে তাঁর অবদানের কথা। তিনি জানান, ‘মহীনের ঘোড়াগুলি’র প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জ্যোতির্ময় দত্ত। এই স্বাধীন গানের দলটির পেছনে তাঁর উৎসাহ ও অবদান ছিল অপরিসীম।​মায়া সিদ্ধান্ত তাঁর স্মৃতিচারণে জ্যোতির্ময় দত্তের জেলবন্দি জীবনের নানা রোমাঞ্চকর ঘটনা বর্ণনা করেন। জেলখানা থেকে নৌকা তৈরি এবং সেই নৌকা নিয়ে অভিযানে যাওয়ার পরিকল্পনার মতো তাঁর অদম্য ইচ্ছাশক্তির কথা এদিন উঠে আসে। এছাড়া ‘যুগান্তর’ পত্রিকা ও কলকাতায় সাংবাদিকতার পুরনো দিনের নানা স্মৃতি মন্থন করেন উপস্থিত বক্তারা।​সব মিলিয়ে এদিনের স্মরণসভাটি কেবল শোকসভা হয়ে থাকেনি, বরং এক নির্ভীক কলমযোদ্ধার জীবন-দর্শনের দলিলে পরিণত হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande