প্রচারে বেরিয়েই প্রাক্তন মহানাগরিকের বাড়িতে বিজেপি প্রার্থী, জল্পনা শিল্পাঞ্চলে
দুর্গাপুর, ১৭ মার্চ (হি.স.) : প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পরই তিনি পৌঁছে যান প্রাক্তন মহানাগরিক দিলীপ অগস্ত
প্রচারে বেরিয়েই প্রাক্তন মহানাগরিকের বাড়িতে বিজেপি প্রার্থী, জল্পনা শিল্পাঞ্চলে


দুর্গাপুর, ১৭ মার্চ (হি.স.) : প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পরই তিনি পৌঁছে যান প্রাক্তন মহানাগরিক দিলীপ অগস্তির বাড়িতে। সেখানে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ঘটনা ঘিরে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন সকালে কর্মী-সমর্থকদের নিয়ে সগড়ভাঙা ভৈরব মন্দিরে পুজো দেন চন্দ্রশেখরবাবু। এরপর ২৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি জনসংযোগে অংশ নেন। পরে মুচিপাড়া রাম মন্দিরে পুজো দিয়ে স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে হঠাৎই প্রাক্তন সহকর্মী তথা দুর্গাপুরের প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির বাড়িতে যান বিজেপি প্রার্থী। রাজনৈতিক সৌজন্যের এই ছবি এলাকায় বিরল বলেই মনে করছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু সৌজন্য নয়, বরং ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার কৌশলও হতে পারে।

উল্লেখ্য, দিলীপ অগস্তি ২০১৭ সালে তৃণমূলে যোগ দিয়ে দুর্গাপুর পুরসভার মেয়র হন। পরবর্তীতে নানা বিতর্কের জেরে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন তিনি। বর্তমানে ডিভিসির একটি কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাক্তন কাউন্সিলর ও বরো চেয়ারম্যান হিসেবে প্রাক্তন মহানাগরিকের আশীর্বাদ ও পরামর্শ নিতে এসেছি। আমাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।”

অন্যদিকে দিলীপ অগস্তির কথায়, “আশীর্বাদ আছে বলেই তিনি বাড়িতে ঢুকতে পেরেছেন।”

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande