১৩ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন, গণনা ১৭ই, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি
আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক স
নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমার।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটারদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট ইলেকশন কমিশনের সচিব অনুরাগ সেন এবং জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা সুভাশিষ দাস।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসাররা পাবলিক নোটিশ জারি করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ, ২৬ মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত হয়েছে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, ১৩ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রয়োজনে ১৬ এপ্রিল পুনর্ভোট বা ফ্রেশ পোল অনুষ্ঠিত হতে পারে। ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে এবং ১৮ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে।

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই শুধুমাত্র টিটিএএডিসি এলাকাজুড়ে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি নজরদারি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে।

এদিকে, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। সংবেদনশীলতার ভিত্তিতে পোলিং বুথগুলোকে এ, বি ও সি—এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande