
সিডনি, ১৮ মার্চ (হি.স.): বুধবার দুই বারের চ্যাম্পিয়ন জাপান ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলা এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে।
সিডনিতে প্রথমার্ধে জাপানের হয়ে ওয়েস্ট হ্যামের রিকো উয়েকি ও টটেনহ্যামের মাইকা হামানো গোল করেন এবং বিরতির পর অভিজ্ঞ সাকি কুমাগাই ও রেমিনা চিবা গোলের ব্যবধান বাড়ান। কাঙ চে রিন দক্ষিণ কোরিয়া হয়ে একমাত্র গোলটি করেন।
মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন চিনের বিপক্ষে স্বাগতিকদের ২-১ সেমিফাইনাল জয়ে স্যাম কেরের জয়সূচক গোলের পর শনিবার সিডনি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান।
ফাইনালে পৌঁছাতে অস্ট্রেলিয়াকে যেখানে চীনের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জাপানের জয়ের পথটা ছিল অনেক সহজ।
ডেনমার্ক ও সুইজারল্যান্ডের প্রাক্তন কোচ নিলসেনের নেতৃত্বে দলটি এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচে ২৮টি গোল করেছে এবং মাত্র একটি গোল হজম করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি