
ঝাড়গ্রাম, ১৮ মার্চ (হি.স.): গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি জোরকদমে প্রচারে নেমেছে। এই কেন্দ্রে কুড়মি ভোটব্যাঙ্ককে প্রার্থীর জয়ের নিয়ন্ত্রক বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাতো প্রার্থী ঘোষণার পর থেকেই সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বৃদ্ধিতে সক্রিয় হয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্তরে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসংযোগকে গুরুত্ব দিয়েই প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে, বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজেশ মাহাতো-কে। তাঁকে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবেই তুলে ধরা হচ্ছে। দলীয় পর্যায়ে তাঁর ব্যক্তিগত পরিচিতি ও পূর্ববর্তী আন্দোলনের অভিজ্ঞতাকে প্রচারের অংশ করা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই প্রার্থীই একই সম্প্রদায়ের হওয়ায় এই কেন্দ্রে লড়াই কার্যত কুড়মি ভোটকে ঘিরেই আবর্তিত হচ্ছে।
প্রচারে তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও প্রশাসনিক কাজকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র নেতৃত্বে জঙ্গলমহলে উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয়টি সামনে আনা হচ্ছে। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-র নেতৃত্বের ওপরও জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বিজেপি স্থানীয় ইস্যু, শাসকবিরোধী মনোভাব এবং প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তিকে সামনে রেখে প্রচার চালাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো