
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ মার্চ (হি.স.) : আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শুরু হল উচ্চ পর্যায়ের পর্যায়ের বৈঠক। বুধবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেস পান্ডে।
আগামী ৯ এপ্রিল ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মনগরে আসেন মুখ্য নির্বাচন আধিকারিক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত নির্বাচন আধিকারিক ঊষা জেন মগ, রাজ্যের অতিরিক্ত ডিজিপি জিএস রাও এবং পুলিশ অবজারভার এস শীতেশ বিনো।
বৈঠকে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক চাঁদনী চন্দ্রন, নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী, জেলা পুলিশ সুপার অভিনাশ রায়সহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অতিথিকে স্বাগত জানানো হয়। এরপর নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
রিভিউ মিটিং শেষে মুখ্য নির্বাচন আধিকারিকসহ অন্যান্য আধিকারিকরা ধর্মনগরের সরকারি বালিকা বিদ্যালয়ে উপনির্বাচনের জন্য প্রস্তুত করা স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ