
কলকাতা, ২ মার্চ (হি. স.) : ফাল্গুন পূর্ণিমার আবেশে গঙ্গা নদীর তীরবর্তী নবদ্বীপ যেন রঙ ও ভক্তির দ্বৈত উল্লাসে মেতে উঠেছে। গৌড়ীয় মঠে পালিত হল দোলযাত্রা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব মহোৎসব। ঐতিহ্য মেনে সোমবার ভোরবেলা থেকেই চলে মঙ্গলারতি, শঙ্খধ্বনি ও মহাসংকীর্তনে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। ফুল ও আলোক সজ্জিত মঠে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢল নামে ভক্তদের।
উল্লেখ্য, ১৪৮৬ খ্রিস্টাব্দের ফাল্গুন পূর্ণিমায়, চন্দ্রগ্রহণের সন্ধ্যায় এই নবদ্বীপেই আবির্ভূত হন মহাপ্রভু - গঙ্গার ঘাটে হরিনাম সংকীর্তনের মধ্যেই। সেই স্মৃতিকে সামনে রেখে এ বছরও আয়োজন করা হয় ৫৪০টি প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার। পাঁচদিন ব্যাপী ধাম পরিক্রমা ও নগরসংকীর্তনে অংশগ্রহণ করেন সাধু-সন্ন্যাসী ও ভক্তরা। কীর্তনের সুরে নবদ্বীপের অলিগলি এদিন হয়ে ওঠে ভক্তিময়।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল - গৌড়ীয় মিশনের আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, - “বিভাজন ও হিংসায় ক্ষতবিক্ষত বিশ্বে মহাপ্রভুর প্রেম ও ঐক্যের বাণী আজও প্রাসঙ্গিক।” ‘হরিবোল’ ধ্বনিতে মুখরিত উৎসব শেষ হয় আবির খেলার মধ্যে দিয়েই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত