
ধর্মনগর (ত্রিপুরা), ২ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অন্তর্গত পদ্মপুর এলাকায় অবস্থিত গোল্ডেন ভ্যালি ইংলিশ মিডিয়াম স্কুলে রবিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে স্কুলের ইনচার্জ স্কুলে এসে তালা ভাঙা অবস্থায় অফিস কক্ষ দেখতে পান। সঙ্গে সঙ্গে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের খবর দেওয়া হয়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনচার্জ স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতেই অফিস কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে দেখা যায়, অফিস কক্ষের আলমিরাও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি স্কুলের আরও কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কিছু মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, স্কুলে স্থাপিত সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় চোরের দল। ফলে ঘটনার কোনও ভিডিও ফুটেজ রেকর্ড হয়নি বলে জানা গেছে। স্কুল কর্তৃপক্ষের মতে, সিসি ক্যামেরা সচল থাকলে অভিযুক্তদের সনাক্ত করা অনেকটাই সহজ হতো।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা স্কুল প্রাঙ্গণে ভিড় জমায়। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ