প্রাক্তন সেনানীদের পথপ্রদর্শনে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের
আগরতলা, ২ মার্চ (হি.স.) : ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ত্রিপুরার যুবসমাজকে দেশের নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । সোমবার আগরতলায় মিলিটারি স্টেশনে আয়োজিত প্রাক্তন সৈনিকদের এক সমাব
রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু


আগরতলা, ২ মার্চ (হি.স.) : ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ত্রিপুরার যুবসমাজকে দেশের নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । সোমবার আগরতলায় মিলিটারি স্টেশনে আয়োজিত প্রাক্তন সৈনিকদের এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ত্রিপুরার যুবশক্তির একটি বড় অংশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাজ্যপাল বলেন, এ ক্ষেত্রে রাজ্যের প্রাক্তন সৈনিকদের পথপ্রদর্শকের ভূমিকা নিতে হবে। তরুণ প্রজন্মের কাছে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে, সেনা জীবনের ত্যাগ ও দায়িত্ববোধের কথা বর্ণনা করে তাদের উদ্বুদ্ধ করতে পারেন প্রাক্তন সেনানীরা। তিনি উল্লেখ করেন, রাজ্যের বহু যুবক সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখছে—তাদের সঠিক দিশা দেখানো সময়ের দাবি।

রাজ্যপাল আরও বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত সৈন্যদের পেছনে বীর নারীদের অবদান অনস্বীকার্য। সীমান্তে যখন সেনা সদস্যরা দেশের জন্য লড়াই করেন, তখন তাঁদের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন এই বীর নারীরাই। সমাজ তাঁদের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

প্রাক্তন সৈনিক ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। স্বাস্থ্য, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস. পান্দুলকর। স্বাগত বক্তব্য রাখেন ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং (ভি.এস.এম.)। উপস্থিত ছিলেন ৫৭ মাউন্টেন ডিভিশনের জি.ও.সি. মেজর জেনারেল শুভঙ্কর বসু (ভি.এস.এম.), আসাম রাইফেলস (ইস্ট)-এর আইজি মেজর জেনারেল ইন্দ্রজিৎ সিং ভিন্ডা, ২১ আসাম রাইফেলসের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল এবং তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande